বরিশাল প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ বিভিন্ন পরিবহনে করে ফিরছেন নিজ নিজ গন্তব্যে।
সময় বাঁচাতে যাত্রীদের বড় অংশই সড়কপথ বেছে নিচ্ছেন। এ কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীচাপ বাড়ার পাশাপাশি অনিয়ম ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় বরিশালের প্রবেশদ্বার গড়িয়ারপাড় এলাকায় মহাসড়কে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশাল, কুয়াকাটা, পাথরঘাটা ও পটুয়াখালীগামী দূরপাল্লার চারটি পরিবহনকে তল্লাশি করা হয়।
এ সময় অতিরিক্ত যাত্রী বোঝাই ও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে পরিবহনগুলোকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ২৫ জন যাত্রীকে অতিরিক্ত নেওয়া ভাড়া থেকে জনপ্রতি ২০০ টাকা করে ফেরত দিতে বাধ্য করা হয় বাস কর্তৃপক্ষকে।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হেল মাফি। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর ইন্সপেক্টর সৌরভ সাহা, র্যাব-৮-এর সিনিয়র এএসপি মো. রেজাউল করিমসহ পুলিশের সদস্যরা।
প্রশাসন জানিয়েছে, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।