বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলা এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, স্বামীর মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে।
নিহত মারিয়া আক্তারের পরিবারের বরাতে জানা গেছে, প্রায় তিন বছর আগে একই এলাকার বাসিন্দা রবিউল মৃধার সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। চাকরির সুবাদে স্বামীর সঙ্গে রাজধানী ঢাকায় বসবাস করতেন মারিয়া।
পরিবারের অভিযোগ, চার দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী রবিউল মৃধা তাকে মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান মারিয়া। খবর পেয়ে স্বজনরা তাকে বানারীপাড়ার নিজ বাড়িতে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন।
পরবর্তীতে বুধবার দুপুর ৩টার দিকে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে কারো সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।