নিজেস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর বরিশাল কার্যালয়ের অভিযানে ১১৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ৬টায় বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং পুরানপাড়ায় লিটন গাজীর বাড়ির একটি ভাড়াকৃত বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃত ব্যক্তিরা হলেন— মো. হানিফ মৃধা (৪৫) এবং তার স্ত্রী মুন্নি বেগম (৩৫)। তারা কাউনিয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা।
জানাযায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর বরিশাল কার্যালয়ের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তাদের কাছ থেকে ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত আদালতে হাজির করা হলে আদালত দুই আসামিকে প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) তানভীর হোসেন খান জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।