স্টাফ রিপোর্টার, বরিশাল: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি ও পরিমাপে কম দেওয়ার অভিযোগে বরিশালে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আশরাফুজ্জামান পলিন।
অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মাঠ কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত জানান, নগরীর পোর্ট রোড এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে মেসার্স ফারুক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ১০ লিটার ডিজেলে প্রায় ১৫০ মিলিলিটার কম দেওয়ার দায়ে মেসার্স জিয়া ব্রাদার্সকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ওজন যন্ত্রের বৈধ অনুমোদন না থাকায় একটি ফল বিক্রয়কারী প্রতিষ্ঠানকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই কর্মকর্তা জানান, ত্রুটিপূর্ণ পরিমাপক যন্ত্র ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আগামী ৭ দিনের মধ্যে নতুন যন্ত্র প্রস্তুত করে অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।