নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার 0।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় বক্তব্যের শুরুতে পুলিশ কমিশনার সকল কর্মকর্তা ও সদস্যকে শুভেচ্ছা জানান এবং কাঙ্ক্ষিত ছুটি, বেতন-রেশন, ভ্রমণ বিল, মেস, ক্যান্টিন, চিকিৎসাসেবাসহ বিভিন্ন প্রশাসনিক ও কল্যাণমূলক সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
মো. আশিক সাঈদ বলেন, প্রো-অ্যাকটিভ পুলিশিং বাস্তবায়নের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঈদুল আজহা উপলক্ষে যে কোনো ধরনের অপরাধ দমন ও জননিরাপত্তা বজায় রাখতে প্রত্যেক সদস্যকে চেইন অব কমান্ড মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, কোনো সদস্যের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হলে, বিশেষ করে মাদক, জুয়া বা অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিএমপি কমিশনার সাইবার স্পেস ও অনলাইন প্ল্যাটফর্মে সংঘটিত অপরাধ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে 1 সদর দপ্তরের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন।
সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।