
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঝটিকা অভিযানে ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. তারেক ইসলাম। তিনি কেডিসি এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে এবং ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে তারেক ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এছাড়া বিএনপির অফিস ভাঙচুরসহ মোট তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় তারেক ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।