
সারা দেশের মতো বরিশালেও চলছে জালানি গ্যাস বা এলপিজি (LPG) গ্যাসের কৃত্রিম সংকট, যার ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দারুণ ভোগান্তিতে পড়ছেন। খুচরা ব্যবসায়ীরা এই সুযোগে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে।
নগরীর গ্রাহকরা জানাচ্ছেন, গত দুই দিন আগেও ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১,২৫০ টাকা, কিন্তু বর্তমানে তা বেড়ে ১,৪০০–১,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু এলাকায় গ্যাস বোতল মিলছে না, আবার যেখানে পাওয়া যাচ্ছে সেখানে দ্বিগুণ দামও দিতে হচ্ছে।
নগরীর কাউনিয়া এলাকার সোহেল সরকার জানান, “দুই সপ্তাহ আগেও ১২ কেজির এলপিজি গ্যাস ১,২৫০ টাকায় কিনেছিলাম। বর্তমানে সেই গ্যাস ২,০০০ টাকাতেও পাওয়া যাচ্ছে না। সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
রেস্টুরেন্ট ব্যবসায়ী আকবর বলছেন, “দিন দিন গ্যাসের দাম বেড়েই চলেছে। কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধির কারণে আমাদের ব্যবসারও করুণ অবস্থা।”
খুচরা ও পাইকারী গ্যাস ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের কাছেও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নেই। সরবরাহের অভাবে তারা ক্রেতাদের গ্যাস দিতে পারছেন না। ব্যবসায়ীরা দাবি করছেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের সংকট এবং প্রায় ১০টি গ্যাস কোম্পানীর সরবরাহ বন্ধের কারণে এই সংকট তৈরি হয়েছে। তবে তারা আশা প্রকাশ করেছেন, অচিরেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে দামও স্থিতিশীল হবে।
এদিকে, রিকশা ও কালোবাজারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হলেও, সেখানে ১,৮০০–২,০০০ টাকায় গ্যাস বিক্রি হচ্ছে। এর ফলে সাধারণ ভোক্তা বাধ্য হয়ে অত্যধিক মূল্য দিয়ে রান্নার জন্য গ্যাস কিনতে হচ্ছে।
গ্রাহক ও ব্যবসায়ীরা সরকারের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন, কারণ এই কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি দৈনন্দিন জীবন ও ব্যবসায়িক কর্মকাণ্ডকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।