বরিশালে নির্মাণাধীন হাসপাতাল থেকে তামার পাইপ চুরি
- প্রকাশের সময়: 07:31:42 am, Thursday, 15 October 2026
- / 35 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে নির্মাণাধীন বিভাগীয় ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্রের ভবন থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের তামার পাইপ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের অক্সিজেন লাইন স্থাপনের কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অক্সিজেন প্লান্ট স্থাপনের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইন্টারন্যাশনালের কর্মী সজল মেহেদী।
লিখিত অভিযোগে সজল মেহেদী উল্লেখ করেন, গত দেড় বছর ধরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল ভবনে অক্সিজেন লাইন স্থাপনের কাজ চলছে।
অভিযোগ অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনে গিয়ে তিনি অক্সিজেন লাইনের পাইপ ভাঙা অবস্থায় দেখতে পান। পাইপের অংশগুলো বারান্দার এক পাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
সজল মেহেদীর দাবি, ভবন থেকে প্রায় ২০০ ফুট তামার পাইপ চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। পাইপ চুরির কারণে অক্সিজেন লাইন স্থাপনের কাজ বন্ধ রয়েছে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো তাঁর হাতে পৌঁছায়নি। তবে তিনি শুনেছেন, নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল ভবনে ছয়জন নিরাপত্তাপ্রহরী দায়িত্ব পালন করেন। তাঁদের উপস্থিতিতে কীভাবে চুরির ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
























