বরিশালে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরু
- প্রকাশের সময়: 04:21:12 am, Thursday, 15 October 2026
- / 29 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দীর্ঘ প্রতীক্ষার পর বরিশাল নগরীতে যাত্রা শুরু করেছে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। নগরীর আলেকান্দায় প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম ক্লাস শুরু হয়েছে গত রোববার (১১ অক্টোবর)। বরিশাল বিভাগে মেয়েদের জন্য পৃথক সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে এটিকে প্রথম প্রতিষ্ঠান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিষ্ঠানটিতে প্রাথমিকভাবে আর্কিটেকচার টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি—এই দুটি বিভাগ চালু করা হয়েছে। বিভাগ দুটিতে মোট আসন রয়েছে ১০০টি। প্রথম পর্যায়ে ৪৭ জন ছাত্রী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ এস এম সামছুন নাহার। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, সরঞ্জাম ও আসবাবপত্র ইতোমধ্যে প্রতিষ্ঠানে পৌঁছেছে। একাডেমিক ওয়ার্কশপ, বিদ্যুতের সাবস্টেশন ও শহীদ মিনারের নির্মাণকাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে দুটি বিভাগ দিয়ে কার্যক্রম শুরু হলেও ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আরও দুটি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এতে অতিরিক্ত ১০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে প্রতিষ্ঠান
বরিশাল নগরীর আলেকান্দায় পরেশ সাগর মাঠের প্রবেশদ্বারের উত্তর পাশে ৩ একর ১৮ শতাংশ জমিতে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা।
প্রতিষ্ঠানটিতে রয়েছে ছয়তলা প্রশাসনিক ভবন, ছয়তলা একাডেমিক ভবন এবং ছয়তলা একাডেমিক ওয়ার্কশপ ভবন। এ ছাড়া চারতলা ছাত্রীনিবাসে ২০০ আসন, পাঁচতলা শিক্ষক ডরমিটরিতে ২০টি ইউনিট এবং তিনতলা স্টাফ কোয়ার্টারে ছয়টি ইউনিট রয়েছে। রয়েছে অধ্যক্ষের একতলা বাসভবন, লিফট, নিজস্ব বিদ্যুৎ সাবস্টেশন ও অভ্যন্তরীণ সড়কব্যবস্থা। কিছু অবকাঠামোর কাজ এখনো চলমান।
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বাসসকে বলেন, অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ছয়টি বহুতল ভবন, একটি একতলা ভবন, শহীদ মিনার, বিদ্যুৎ সাবস্টেশন, অভ্যন্তরীণ সড়ক, ড্রেন, দুটি আধুনিক প্রবেশগেট ও সীমানাপ্রাচীর প্রকল্পের অন্তর্ভুক্ত। অসমাপ্ত কাজ চলতি বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
প্রথম ক্লাস নিয়ে উচ্ছ্বসিত ছাত্রীরা
প্রতিষ্ঠানটির আর্কিটেকচার টেকনোলজি বিভাগের ছাত্রী আয়শা আক্তার বরিশালের বানারীপাড়া উপজেলা থেকে ভর্তি হয়েছেন। প্রথম ক্লাসের অনুভূতি জানিয়ে তিনি বলেন, মনোরম পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতা তাঁকে মুগ্ধ করেছে। তাঁর জীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে আসা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্রী মরিয়মও নতুন প্রতিষ্ঠানে ক্লাস শুরু করতে পেরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষকদের আন্তরিকতা তাঁকে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।
নারীর কর্মসংস্থানে কারিগরি শিক্ষার গুরুত্ব
শিক্ষাবিদ মহসিন উল ইসলাম হাবুল বাসসকে বলেন, মেয়েদের কারিগরি শিক্ষা তাদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম। এ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি কর্মমুখী দক্ষতা অর্জন করতে পারে।
তিনি আরও বলেন, কারিগরি শিক্ষায় দক্ষ নারী চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করতে পারেন। এর মাধ্যমে নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের মাধ্যমে নারীদের কারিগরি শিক্ষার সুযোগ বাড়বে এবং প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তোলার পথ আরও প্রসারিত হবে।
























