বরিশালে শংকর মঠে ‘জাগো দশপ্রহরণধারিণী’ অনুষ্ঠান
- প্রকাশের সময়: 11:10:55 pm, Saturday, 10 October 2026
- / 27 Time View
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘জাগো দশপ্রহরণধারিণী’ অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর শ্রীশ্রী শংকর মঠে এ আয়োজন করা হয়। এতে আগমনী সংগীত, চণ্ডীপাঠ, গীতিআলেখ্য, নৃত্য, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু জানান, পূজা উদযাপন কমিটির আয়োজনে এবং চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠন ও অধ্যাত্মচর্চা ও গবেষণা কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সন্ধ্যায় আগমনী সংগীত, চণ্ডীপাঠ ও গীতিআলেখ্য ‘চিন্ময়ী বন্দনা’র মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। নৃত্যানুষ্ঠান শেষে প্রদীপ প্রজ্বালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে, সাধারণ সম্পাদক গোপাল সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুভাষ সরকার মন্টু এবং শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ট্রাস্টের সম্পাদক বাসুদেব কর্মকার ভাষাই। সভাটি সঞ্চালনা করেন শংকর মঠ পূজা উদযাপন কমিটির সম্পাদক চিন্ময় দাস।
আলোচনা সভা শেষে সংগীতানুষ্ঠান ও ‘দশপ্রহরণধারিণী’ নাটক মঞ্চস্থ হয়। পরে সনাতন শিক্ষার্থী সংসদের পরিবেশনায় কালীকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মানিক মুখার্জী কুডু বলেন, মহালয়ার দিন থেকে মূলত দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হয়। দেবীর আগমন উপলক্ষে মহালয়ার আগের দিন রাতে শংকর মঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে।
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে বলেন, ১৬ অক্টোবর দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। আগমনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আবহ তৈরি হয়েছে।
এদিকে শনিবার সকালে শ্রীশ্রী রাধাগোবিন্দ নিবাসের আয়োজনে মহালয়া অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।
























