
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর পরেশ সাগর মাঠে আয়োজিত বাণিজ্য মেলার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলা আয়োজনের বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত।
সোমবার (১৮ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলার আয়োজন করে। আগামী ২১ মে মেলার উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছিল।
মেলা বন্ধের দাবিতে ইউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রণি সিকদার হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিটে চলমান বিদ্যুৎ সংকট, এসএসসি পরীক্ষা এবং আসন্ন এইচএসসি পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে মেলা আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. রাফি জানান, আদালত আদেশে বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে মেলা আয়োজন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। পাশাপাশি পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মেলা আয়োজনকারী ও অনুমোদন প্রদানকারী সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দায়িত্বশীলদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে।
রিটকারী রণি সিকদার বলেন, মেলা বন্ধের দাবিতে তিনি আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ১০ মে হাইকোর্টে রিট দায়ের করেন। পাঁচ দফা শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এ বিষয়ে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন, তারা এখনো আদালতের কোনো আদেশ হাতে পাননি। তিনি দাবি করেন, জেলা প্রশাসনের অনুমোদন নিয়েই মেলার আয়োজন করা হয়েছে এবং পরেশ সাগর মাঠটি বরিশাল জেলা স্কুলের মাঠ নয়।
উল্লেখ্য, পরেশ সাগর মাঠটি বরিশাল নগরীর একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত মাঠ, যা বরিশাল জেলা স্কুলের মালিকানাধীন। মাঠটির চারপাশে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এবং শিক্ষার্থীরা নিয়মিত সেখানে খেলাধুলা করে। মেলার জন্য মাঠসংলগ্ন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষের পাশে গণশৌচাগার স্থাপন করা হয়েছে।