নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক তরুণীকে আটক করা হয়েছে।
রোববার (৩ মে) ভোররাত ২টা ৫০ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানা পুলিশ-এর এসআই মো. আল আমিন নাঈমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম কলসগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এ-৩ নম্বর সিটে থাকা যাত্রী জাহিদা বেগম (২০)-এর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকৃত জাহিদা বেগমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ এলাকা বলে জানা গেছে।
এএয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।