নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করতে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) ও আন্তর্জাতিক সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের যৌথ উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে ‘ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ (সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা) বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশালকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা তাদের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে শুধু বর্জ্য সমস্যার সমাধানই নয়, বরং এটিকে সম্ভাবনাময় সম্পদ হিসেবে ব্যবহার করা সম্ভব।
তিনি আরও বলেন, খুব শিগগিরই এ লক্ষ্যে বাস্তবমুখী কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, খোলা স্থানে ময়লা ফেলা বন্ধ করা এবং আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সভায় নগরীর ক্রমবর্ধমান বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ, পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করা এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরের সম্ভাবনা তুলে ধরা হয়।
বিশেষ করে জৈব বর্জ্য থেকে সার উৎপাদন এবং প্লাস্টিক বর্জ্য পুনঃব্যবহার বা জ্বালানিতে রূপান্তরের বিষয়টি গুরুত্ব পায়।
সভায় বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, ঝালকাঠি পৌরসভার প্রশাসক, বিসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।