স্টাফ রিপোর্টার, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (২৯ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইতি (৩৫) বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন—তার মেয়ে উপমা চক্রবর্তী (১৬), স্বামী গুরুদাস চক্রবর্তী (৬০) এবং পবিত্র মজুমদার (৫০) নামে অপর এক যাত্রী।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশ জানায়, বরগুনাগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস বাটাজোর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর গৌরনদী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে হেফাজতে নেয়।