স্টাফ রিপোর্টার, বরিশাল: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রথম প্রহরে জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে নগরীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশন-এর প্রশাসক, পুলিশ সুপার ও জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
অন্যদিকে নগরীর বেলস পার্ক মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমি-তে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া দিনব্যাপী বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচিতে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা ও বক্তারা বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।