ঝালকাঠির কাঠালিয়ায় খাল থেকে ট্রলার চুরি
- প্রকাশের সময়: 02:09:04 pm, Saturday, 10 October 2026
- / 44 Time View
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির কাঠালিয়ায় খালে রশি দিয়ে বেঁধে রাখা একটি স্টিলবডি ট্রলার ও এর ইঞ্জিন চুরির অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। চুরি যাওয়া ট্রলার ও ইঞ্জিনের আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন মালিকপক্ষ।
বুধবার (৭ অক্টোবর) রাত ১টা থেকে ২টার মধ্যে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের রঘুয়ারদড়ির চর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে শহিদ মিয়ার ইটভাটার সামনের খালে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর দেওয়া লিখিত অভিযোগে মোসা. কলি আক্তার (৩৫) জানান, খালে রশি দিয়ে বেঁধে রাখা তাঁর স্টিলবডি ট্রলারটি রাতের কোনো একসময় চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা। রাত আনুমানিক ২টার দিকে তাঁর ভাই নয়ন হাওলাদার ট্রলারের কাছে গিয়ে সেটি দেখতে পাননি। এ সময় ট্রলার বাঁধার রশি কাটা অবস্থায় পড়ে ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, চুরি যাওয়া ট্রলারটির দৈর্ঘ্য ৪৬ ফুট, প্রস্থ ৯ ফুট ৩ ইঞ্চি এবং গভীরতা ৪৬ ইঞ্চি। ট্রলারটির আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এর সঙ্গে থাকা ২৮ হর্সপাওয়ারের একটি ইঞ্জিনের মূল্য ধরা হয়েছে ৭০ হাজার টাকা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৬ লাখ ৭০ হাজার টাকা বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগকারী জানান, ঘটনার পর আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে কাঠালিয়া থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কেউ যদি এই ট্রলারটির সন্ধান পায় তাহলে 01768163789 মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ভুক্তভুগী।।
























