বরিশালে সেতুর নিচে ফের অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৪
- প্রকাশের সময়: 07:55:38 am, Saturday, 7 November 2026
- / 74 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর দপদপিয়া এলাকার কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি বালুবোঝাই বাল্কহেড ও ‘রিফাজ জাহান ইকরা-১’ নামের একটি লোড ড্রেজার জব্দ করেছে প্রশাসন। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। জব্দ করা বাল্কহেড দুটিতে প্রায় সাড়ে ৭ হাজার ঘনফুট বালু রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানার নেতৃত্বে বাংলাদেশ কোস্টগার্ডের বরিশাল দক্ষিণ জোনের সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, দপদপিয়া সেতুর নিচে কীর্তনখোলা নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে ইউএনও কোস্টগার্ড সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে নগরীর চাঁদমারী এলাকার বাসিন্দা আল আমিনের মালিকানাধীন দুটি বাল্কহেড ও একটি লোড ড্রেজার দেখতে পান।
প্রশাসন ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চালকেরা জলযানগুলো নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে কোস্টগার্ড সদস্যদের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে বাল্কহেড ও ড্রেজারগুলো জব্দ করা হয় এবং চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বাল্কহেডচালক বাচ্চু, শ্রমিক আব্দুল জলিল, মো. লিটন ও হুমায়ুন। আটক ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় আরও কয়েকজন শ্রমিক পালিয়ে যান।
এর আগে গত ২৬ অক্টোবর একই স্থানে অভিযান চালিয়ে আল আমিনের মালিকানাধীন ওই দুটি বাল্কহেড ও একটি ড্রেজার জব্দ করেছিল প্রশাসন। সে সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তবে জরিমানা আদায়ের পর জব্দ করা জলযানগুলো মালিকের জিম্মায় দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
এরপর ১১ দিনের ব্যবধানে ৫ নভেম্বর দিবাগত রাতে একই সরঞ্জাম আবারও দপদপিয়া সেতুর নিচে বালু উত্তোলনের সময় জব্দ হওয়ার ঘটনা ঘটল।
বরিশালের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম দপদপিয়া সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ২০৮ কোটি টাকা। সেতুর নিচে নিয়মিত ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগে এর পিলার ও ভিত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহলের ব্যক্তিরা। তাদের আশঙ্কা, নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে সেতুর পিলার ও ভিত্তির আশপাশের মাটি সরে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে সেতুর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে।
এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা জানান, বালু উত্তোলনের খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ করেন। এ সময় চারজনকে আটক করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




















