বরিশাল বিভাগে সাত মাসে ১,৬৮৯ শিশু-কিশোর নিখোঁজ, প্রেমের টানে ঘর ছাড়ে ১,০৭৮ জন
- প্রকাশের সময়: 03:48:45 am, Monday, 2 November 2026
- / 45 Time View
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিভাগের ছয় জেলায় চলতি সাত মাসে ১ হাজার ৬৮৯ শিশু-কিশোর নিখোঁজ হয়েছে। বরিশাল রেঞ্জ পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে, নিখোঁজদের মধ্যে ১ হাজার ৭৮ জন প্রেমের টানে ঘর ছেড়েছে। এ ছাড়া পারিবারিক মনোমালিন্য, মা-বাবার সঙ্গে অভিমান, অভাব-অনটন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তিসহ বিভিন্ন কারণে বাড়ি ছেড়েছে অনেকে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে উপকূলীয় জেলা পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায়। এসব ঘটনায় উদ্বেগ বাড়ছে পরিবার ও প্রশাসনের মধ্যে।
বরিশালের আগৈলঝাড়ায় গত মার্চে প্রেমের টানে বাড়ি ছেড়ে নিখোঁজ হয় এক কিশোর-কিশোরী। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ২৫ মার্চ আগৈলঝাড়া থানায় অভিযোগ করেন। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার এক সপ্তাহ পর কিশোরীকে খুঁজে পাওয়া যায়।
অন্যদিকে, পরিবারের অমতে প্রেমের সম্পর্কের কারণে বাড়ি ছেড়ে বিয়ে করেছিল গৌরনদী উপজেলার এক কিশোরী। পরে স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগের মধ্যে গত ২২ আগস্ট বিষপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রী গত ২৯ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় স্বজনেরা থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ১ অক্টোবর ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুরের একটি ম্যাচ ফ্যাক্টরি থেকে তাদের উদ্ধার করে পুলিশ। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, অভাবের কারণে ওই তিন কিশোরী বাড়ি ছেড়েছিল।
এদিকে, গৌরনদীতে ১৪ বছর বয়সী এক কিশোর ১ অক্টোবর নিখোঁজ হয়। পরে বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় কাজ করার সময় তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল।
বরিশাল রেঞ্জ পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট ১ হাজার ৬৮৯ জন নিখোঁজ হয়। পুলিশ এসব ঘটনার ২১টি কারণ চিহ্নিত করেছে। এর মধ্যে ১ হাজার ৭৮ জন প্রেমের টানে, ১৬৭ জন পরিবারের সঙ্গে মনোমালিন্যের কারণে, ৭৫ জন মাদ্রাসার কঠোর নিয়মনীতি, ১৩২ জন মা-বাবার সঙ্গে অভিমান, ১৯ জন সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাপে আসক্তি এবং ১৭ জন পরকীয়ার ঘটনায় ঘর ছেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাদিকুর রহমান বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে হিংস্র প্রবণতা বেড়েছে। তরুণ ও যুব বয়সী ছেলেমেয়েদের মধ্যে সবকিছু নিজেরা করতে পারার ধারণা থেকে মব কালচারের মতো প্রবণতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারিবারিক সম্পর্ক জোরদার করা প্রয়োজন। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নও জরুরি বলে মনে করেন তিনি।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, এ ধরনের নিখোঁজের ঘটনা সম্প্রতি সংসদেও আলোচনায় এসেছে। অল্প বয়সে ছেলেমেয়েদের নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ বিভাগ উদ্বিগ্ন। নিখোঁজদের কেউ মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
ডিআইজি আরও বলেন, এসব ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম বড় একটি বিষয়। বিভিন্ন প্রলোভনে পড়ে কিশোর-কিশোরীরা বিপদে পড়তে পারে। পটুয়াখালী ও ভোলার মতো উপকূলীয় এলাকায় এ প্রবণতা বেশি। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আইনি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে কাজ করছে পুলিশ।














