বরিশালে ৫০ বোতল কোডিনমিশ্রিত সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- প্রকাশের সময়: 09:54:57 pm, Wednesday, 4 November 2026
- / 151 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে কোডিনমিশ্রিত ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বেবী বেগম (৬৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় আদি শ্মশান নাগ মন্দিরসংলগ্ন একটি দুইতলা বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের একটি দল।
অভিযানকালে বাড়িটির নিচতলার একটি ফ্ল্যাটের শয়নকক্ষে খাটের নিচে লুকানো কাপড়ের ব্যাগ থেকে ৪৩ বোতল WINCEREX এবং ৭ বোতল ESkuf সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৫ হাজার মিলিলিটার বা ৫ লিটার সিরাপ ছিল।
গ্রেপ্তার বেবী বেগম ওই এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।














