এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান
বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত
- প্রকাশের সময়: 12:23:16 am, Saturday, 17 October 2026
- / 29 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অব এনেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের (BSA-CCPP) বরিশাল শাখা।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির বরিশাল শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক ডা. বদরুদ্দোজা মো. জোবায়েদের নেতৃত্বে অনুষ্ঠানে বরিশালের এনেস্থেসিওলজিস্টরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা হয়। পরে আলোচনা সভায় এনেস্থেসিওলজিস্টদের পেশাগত দায়িত্ব, পারস্পরিক সহযোগিতা এবং রোগীদের নিরাপদ এনেস্থেসিয়া সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভাপতি অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. বদরুদ্দোজা মো. জোবায়েদ এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এনেস্থেসিয়া সেবার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের চিকিৎসাসেবায় এনেস্থেসিওলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ত্রোপচারের আগে, চলাকালে ও পরে রোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং জটিল পরিস্থিতি মোকাবিলায় তাঁরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বক্তারা জানান, প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এনেস্থেসিয়া সেবার চার্জ একই হারে রয়েছে। এ সময়ে দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় ও পেশাগত খরচ বেড়েছে। ফলে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবার চার্জ পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।
সভায় আলোচনার পর এনেস্থেসিয়া সেবার চার্জ পুনর্নির্ধারণ করে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে এনেস্থেসিওলজিস্টদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং রোগীদের নিরাপদ ও মানসম্মত এনেস্থেসিয়া সেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
























