বরিশালে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা
- প্রকাশের সময়: 02:13:09 pm, Thursday, 15 October 2026
- / 53 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরীর শংকর মঠের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালে, জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদ্যাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতিও পর্যবেক্ষণ করেন তাঁরা।
এ সময় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে সবাই যেন আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।
তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে উৎসব উদ্যাপনের আহ্বান জানান তিনি।
দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন বিভাগীয় কমিশনার। পূজারিরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার কথাও বলেন তিনি।
পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
























