ভোলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, স্বামীর বন্ধু গ্রেপ্তার
- প্রকাশের সময়: 04:53:27 am, Saturday, 8 August 2026
- / 144 Time View
রাকিবুল,ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তানজিল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, রাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার তানজিল ওই এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীর স্বামীর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তানজিল কৌশলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। পরে তাকে ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করার পর ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে ওই নারীর স্বামী বাড়িতে ফিরলে তিনি তাকে ঘটনাটি জানান। এরপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তানজিলকে গ্রেপ্তার করে।
শুক্রবার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে তানজিলসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে মনপুরা থানায় মামলা করেন।
পুলিশ জানিয়েছে, মামলার পর গ্রেপ্তার তানজিলকে শুক্রবার দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















