নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল নগরের মুনশি গ্যারেজ এলাকার একটি বাসা থেকে সানজিদা কবির আনিতার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বরিশাল বিএম কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। বক্তাদের অভিযোগ, অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুর সঙ্গে আনিতার সম্পর্ক ছিল এবং সম্পর্ক ছিন্ন করতে চাইলে তাকে বাসায় ডেকে শ্বাসরোধে হত্যা করা হয়।
বক্তারা আরও দাবি করেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও ঝালকাঠিতে তার প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ রয়েছে। তাই দ্রুত তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্তী, অর্থ সম্পাদক সালমা নাছরিন, সদস্য ইসমত আরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, শ্রমিক নেতা মো. ইমরান এবং সাংস্কৃতিক সংগঠক লামিয়া সাইমুনসহ অন্যান্যরা।
বিক্ষোভ শেষে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।