
বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা। আগামী ২৪ জুলাই উল্টো রথ উৎসবের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হবে।
প্রতিবছরের মতো এবারও বরিশাল নগরীর নতুনবাজার এলাকার ইসকন মন্দিরকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে উৎসবস্থল। রথযাত্রা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বরিশাল মহানগর ছাত্রদল।
বুধবার (১৫ জুলাই) মহানগর ছাত্রদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রথযাত্রাকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, অপতৎপরতা বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে নেতাকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
দলীয় সূত্র জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় মহানগর ছাত্রদলকে তিন দফা সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে ছাত্রদলের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করবেন। রথযাত্রার প্রতিটি রুটে গঠিত মনিটরিং টিমের সঙ্গে ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের নেতাকর্মীরা সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। এছাড়া গুজব, অপপ্রচার বা সাম্প্রদায়িক উসকানির যেকোনো চেষ্টা প্রতিহত করতে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. এনামুল হাসান তাসনিম বলেন, “রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ছাত্রদল সবসময় অঙ্গীকারবদ্ধ। বরিশালের মাটিতে কোনো ধরনের সাম্প্রদায়িক চক্রান্ত বা উৎসবের পরিবেশ নষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না। নেতাকর্মীরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে দায়িত্ব পালন করবেন।”
মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. নাভিদ রহমান খান তুষার বলেন, “রথযাত্রার প্রথম দিন থেকে উল্টো রথ উৎসব পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রদলের স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করবে, যাতে ভক্ত ও দর্শনার্থীরা নিরাপদে উৎসবে অংশ নিতে পারেন এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন।”