
ভোলা জেলার বোরহানউদ্দিন থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৮ জুন) র্যাব-৮, র্যাব-২ এবং র্যাব-১১ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা মো. তানজিল (২৪) ও মো. বেলাল হোসেন (২১)।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৯ মে বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজমিস্ত্রির কাজের টাকার হিসাব-নিকাশের কথা বলে ভিকটিমকে বোরহানউদ্দিন উপজেলার ৩ নম্বর দেউলা ইউনিয়নের ছোট পাতা এলাকার একটি পুকুরপাড়ে ডেকে নেওয়া হয়। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা ভিকটিমের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
হামলায় গুরুতর আহত ভিকটিমকে তার স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।
যৌথ অভিযানে মো. তানজিলকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে এবং মো. বেলাল হোসেনকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।