বরিশালের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন
- প্রকাশের সময়: 03:37:37 am, Thursday, 28 May 2026
- / 370 Time View

বরিশালের বিভিন্ন এলাকায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন কয়েকটি ধর্মীয় অনুসারী গোষ্ঠীর মুসল্লিরা।
বুধবার (২৭ মে) বরিশাল নগরীসহ জেলার অন্তত ছয়টি উপজেলার প্রায় ২০টি গ্রামে ঈদুল আজহার জামাত ও কোরবানির আনুষ্ঠানিকতা পালন করা হয়।
জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমদিয়া জামাতের অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন।
সকালে প্রায় ১০ হাজার মুসল্লি এসব ঈদের জামাতে অংশ নেন। বরিশাল সিটি করপোরেশন এলাকার তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী ও হরিনাফুলিয়াসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বন্দর থানার সাহেবের হাটে দুটি, বাবুগঞ্জে চারটি, হিজলায় দুটি, মেহেন্দিগঞ্জে দুটি এবং বাকেরগঞ্জে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরিশাল বিভাগজুড়ে এসব অনুসারীদের প্রায় ৭৫টি মসজিদ রয়েছে।
সকাল ৮টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ সুফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি সম্পন্ন করেন।















