এসআরবি-৮ এর অভিযানে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার - বরিশাল সংবাদ
- প্রকাশের সময়: 04:01:11 am, Saturday, 31 October 2026
- / 60 Time View

গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ট্রাকচালক মাজহারুল ইসলামকে (২৫) পিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে জেলার ইন্দুরকানী থানার চারাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা সাথী আক্তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এসআরবি সূত্রে জানা গেছে, মাজহারুল গাজীপুরের কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা (৪৫) হত্যা মামলার প্রধান অভিযুক্ত। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১-এর সিপিসি-৩ ও এসআরবি-৮-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি রাতের টহল শেষে তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুজনকে তল্লাশি করছিলেন তাঁরা। এ সময় কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা সেখানে এসে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছিলেন।
এজাহারে আরও বলা হয়, রাত সাড়ে ৩টার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে ধাক্কা দেয়। এতে পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। ট্রাকটি রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ সময় এসআই মিজানুর রহমান ট্রাকটি থামানোর চেষ্টা করেন। কিন্তু চালক গতি বাড়িয়ে তাঁকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনে নিয়ে ফেলে রেখে পালিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন ভোর সাড়ে ৬টার দিকে মারা যান এসআই মিজানুর রহমান।
এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাজহারুল ইসলামকে পিরোজপুরের ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।
























