বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান
- প্রকাশের সময়: 11:24:10 pm, Wednesday, 7 October 2026
- / 49 Time View
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে বরিশাল মহানগরীতে একযোগে আকস্মিক চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিভিন্ন ইউনিট। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।
এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মার্জিয়া রহমান ও এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পৃথক দুটি আভিযানিক দল লাকুটিয়া, দুর্গাসাগর ও নথুল্লাবাদসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল আটক করা হয়।
অন্যদিকে, বরিশাল মহানগর গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক টিম-১ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান পরিচালনা করে। কিশোর গ্যাং, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে বিএমপি।
এ ছাড়া উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএমের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার বিশেষ আভিযানিক দল নগরের ৩০ গোডাউন, সেলফি রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়।
কোতোয়ালি মডেল থানার অভিযানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএম এবং সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) অলক কান্তি শর্মাসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























