
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের তুলনায় ভালোভাবে দায়িত্ব পালন করছে। এর ফলে বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, “বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য এ সভা করা হয়েছে। আমরা দেখলাম, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও আগের চেয়ে ভালো কাজ করছে।”
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী বছরের এপ্রিল মাসে বরিশালে ক্যানসার হাসপাতাল চালু করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নবথিয়েটারের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজও গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে। ইতোমধ্যে পাঁচটি প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ বরদাস্ত করা হবে না।
প্রতিমন্ত্রী বলেন, “প্রতিটি কাজের গুণগত মান যেন ঠিক থাকে, সে বিষয়ে আমরা সজাগ আছি।”
সভায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, “দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।” সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নকাজের মান বজায় রাখার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।
সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ রাব্বি 
















