বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা
- প্রকাশের সময়: 04:42:01 am, Tuesday, 6 October 2026
- / 9 Time View
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে সামনে রেখে বরিশাল জেলা ও মহানগরের ৬৩৭টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা নির্মাণ, রং-তুলির কাজ, মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও আয়োজকেরা।
এ বছর বরিশাল জেলা ও মহানগর মিলিয়ে মোট ৬৩৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৫৯০টি এবং বরিশাল মহানগর এলাকায় ৪৭টি মণ্ডপ রয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার একটি মণ্ডপ বেড়েছে।
আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৭ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।
বরিশাল নগরীর ফলপট্টি কালিমাতা ঠাকুরনীর মন্দির ও সদর রোডের শ্রী শ্রী জগন্নাথ মন্দির ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। অধিকাংশ প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষের দিকে। এখন চলছে রং-তুলিসহ শেষ মুহূর্তের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা প্রস্তুত করতে দিন-রাত কাজ করছেন কারিগরেরা।
নগরীর বিভিন্ন পূজামণ্ডপে কোথাও প্রতিমায় শেষ মুহূর্তের কাজ চলছে, কোথাও চলছে মণ্ডপের সৌন্দর্যবর্ধন। কোনো কোনো মণ্ডপে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ ও আলোকসজ্জা। দর্শনার্থীদের আকৃষ্ট করতে নিজেদের মণ্ডপকে সাজিয়ে তুলতে ব্যস্ত আয়োজকেরাও।
প্রতিমাশিল্পী রনজিৎ পাল বলেন, রং ও প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। ফলে আগের তুলনায় প্রতিমা নির্মাণ ও সাজসজ্জায় খরচ বেড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বাড়তি শ্রম দিতে হচ্ছে।
এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদারের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন, মহানগরের ৪৭টি পূজামণ্ডপে এবার দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় একটি মণ্ডপ বেড়েছে। অধিকাংশ প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপ থেকে অভিযোগ পাওয়া যায়নি এবং কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী বলেন, প্রশাসনের সহযোগিতায় প্রতিমা নির্মাণ, রং ও সাজসজ্জার কাজ এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব মণ্ডপের প্রস্তুতি শেষ হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকেও সিসি ক্যামেরাসহ নিজস্ব নিরাপত্তাব্যবস্থা রাখা হচ্ছে।
এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সভায় বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্গাপূজাকে ঘিরে বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা, মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও শিল্পীরা।



















