বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
- প্রকাশের সময়: 10:14:13 pm, Monday, 5 October 2026
- / 39 Time View
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পূজা উদযাপন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
সভায় প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। যেকোনো ধরনের অপতৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সভায় অনুরোধ করা হয়।
সভায় বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এসআরবি, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন কার্যালয় ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক ও সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দও অংশ নেন।



















