বরিশালে ভোক্তার অভিযান ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা
- প্রকাশের সময়: 07:35:32 pm, Sunday, 4 October 2026
- / 15 Time View
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে বিশেষ অভিযান চালিয়ে ৯টি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) দুপুরে নগরীর স্টিমার ঘাট, স্বরোড, নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফল, গ্যাস, ডিমসহ বিভিন্ন পণ্যের দোকান এবং খাবারের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অভিযানে জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছয়টি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট, একটি ওষুধের দোকান ও একটি মুদি দোকান রয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, বিক্রয়সংক্রান্ত তথ্য এবং ব্যবসায়িক কার্যক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম চিহ্নিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
অভিযান শেষে কর্মকর্তারা জানান, পণ্য বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের আইন মেনে চলতে হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।
তাঁরা আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














