রাসেল, বরিশাল প্রতিনিধি: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম।
পুলিশ জানায়, শাকিল হোসেন পলাশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল, সভা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আল মামুন উল ইসলাম বলেন, ‘শাকিল হোসেন পলাশ একাধিক মামলার আসামি। সম্প্রতি তার বিরুদ্ধে বরিশালে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল-মিটিং বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’
গ্রেপ্তারের পর থানায় সাংবাদিকদের কাছে শাকিল হোসেন পলাশ দাবি করেন, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোতে তিনি জামিনে রয়েছেন।
তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে কয়েকটি মামলা রয়েছে, সবগুলোতেই আমি জামিনে রয়েছি। তারপরও কেন আজ আমাকে আবার বাসা থেকে ধরে আনা হয়েছে, আমি জানি না।’
তবে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে নতুন করে কী অভিযোগ রয়েছে এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থান-পরবর্তী ২০২৫ সালের ৩ জুন শাকিল হোসেন পলাশকে প্রথম গ্রেপ্তার করা হয়। ওই সময় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
পরে দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি।
https://slotbet.online/