নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর দরগাহবাড়ি মসজিদ সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় আকস্মিক বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় ভবনের দরজা-জানালা উড়ে গিয়ে আশপাশে পড়ে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১৫ এপ্রিল) ভোর ৬টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—নিরাপত্তাকর্মী মানিক, তার ছেলে মৃদুল এবং তার স্ত্রী। তাদের গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের নিচতলার দরজা, জানালা ও গেট ভেঙে পাশের খালে গিয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় নিচতলার সব কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেনসহ একাধিক ব্যক্তি বলেন, “বিস্ফোরণের শব্দ শুনে বাইরে এসে দেখি দরজা-জানালা উড়ে গেছে। এত বড় ক্ষতি হওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে।”
তবে আহত মানিক জানান, রান্নাঘরের গ্যাসের চুলায় আগে থেকেই শব্দ হচ্ছিল। চুলা চালু করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং এতে তারা আহত হন।
এ ঘটনায় অনেকেই ধারণা করছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে বিস্ফোরণের তীব্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের দুটি টিম কাজ করছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।