নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মৃত্যু হওয়ায় বিভাগজুড়ে উদ্বেগ বাড়ছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, এ নিয়ে হামের উপসর্গে বরিশাল বিভাগে মোট ১২ শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুই শিশু হলো—বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পান্না খানের পাঁচ মাস বয়সী ছেলে ইমাম এবং বরগুনার আমতলী উপজেলার আবু বক্করের নয় মাস বয়সী ছেলে আবু সালেহ।
হামের উপসর্গ নিয়ে ইমাম সোমবার এবং আবু সালেহ মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাদের মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১০০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং একই সময়ে ৬২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
বর্তমানে বিভাগে মোট ১৯৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বরিশাল বিভাগে হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট ১,০৮০ জন। এর মধ্যে ৮২৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত ৫২ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়তে থাকায় অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।