নিজস্ব প্রতিবেদক, বরিশাল: খেলনা পিস্তল ও কার্তুজের ছবি পাঠিয়ে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সাব্বির (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত সাব্বির বরিশালের বানারীপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাছরং গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালি মডেল থানা পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
ভুক্তভোগী ব্যবসায়ী মিরাজ জানান, ঈদের তৃতীয় দিন তার মোবাইল নম্বরে কল করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে সাব্বির। পরে হোয়াটসঅ্যাপে একটি পিস্তল ও কার্তুজের ছবি পাঠিয়ে ভয় দেখায় এবং টাকা না দিলে ক্ষতির হুমকি দেয়।
তিনি বলেন, বিষয়টি তাকে আতঙ্কিত করে তোলে। পরে তিনি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, নগরীর গির্জা মহল্লা এলাকার মোবাইল ব্যবসায়ী মিরাজ বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, অভিযানের সময় সাব্বিরের কাছ থেকে যে পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়েছে, সেগুলো খেলনা সাদৃশ্য। আলামত হিসেবে জব্দ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।