বরিশাল প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালে ‘মানবতার ঈদ উৎসব’ আয়োজন করেছেন বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী। প্রতিবছরের মতো এবারও ঈদের দিন এ কর্মসূচি নগরের ফকির বাড়ি সড়কে বাসদ কার্যালয় থেকে শুরু হয়।
শনিবার বেলা ১১টা থেকে শ্রমজীবী মানুষজন সেখানে ভিড় করেন। তাদের জন্য রোস্ট, পোলাও ও সেমাই দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
পরে বেলা ১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নগরের কাউনিয়া এলাকায় একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে যান। সেখানে বসবাসরত প্রায় ৬০ জন অসহায় ও অবহেলিত নারীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং উন্নত খাবার পরিবেশন করা হয়।
এছাড়া লঞ্চঘাট এলাকায় দুই শতাধিক পথশিশু ও ভবঘুরে এবং ভাটার খাল, সদর রোডসহ বিভিন্ন স্থানে থাকা আরও কয়েক শতাধিক ভাসমান মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় মনীষা চক্রবর্তী বলেন, “বৃদ্ধাশ্রমে থাকা অনেকেই উৎসবের দিনেও স্বজনদের কাছে পান না। আমরা রাজনীতি করি মানুষের জন্য—তাই তাদের কাছেও ঈদের আনন্দ পৌঁছে দিতে চাই।”
বৃদ্ধাশ্রমের পরিচালক শাখাওয়াত হোসেন জানান, প্রতিবছরই মনীষা চক্রবর্তী এখানে এসে অসহায়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
অন্যদিকে, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন ঈদের দিন দুপুরে নগরের আলেকান্দা এলাকার সরকারি শিশুসদনে গিয়ে অনাথ শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এ সময় শিশুরা তার হাতে মেহেদির আলপনা এঁকে দেয়।