বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযান শেষে স্থানীয় বিএনপি নেতা মো. এনামুল হক (৪৫)কে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত এনামুল হক ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি ঘরের দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। অভিযানের সময় ডিএনসির কর্মকর্তারা ছদ্মবেশে তার কাছে ইয়াবা কিনতে যান এবং পরে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, অভিযানের সময় তার কাছ থেকে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।