বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে রাইসা (১৪) নামে এক কিশোরীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে রিফাত নামে এক যুবকের বিরুদ্ধে। খারাপ প্রস্তাবে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহতের পরিবার।
নিহত রাইসা উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির বাসিন্দা এবং মো. নজরুল ইসলাম হাওলাদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে অভিযুক্ত রিফাত রাইসার শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে সে গুরুতর দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।
কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত প্রায় ১১টার দিকে রাইসা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।