জামিন পেলেন আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস
- প্রকাশের সময়: 12:16:26 am, Tuesday, 24 February 2026
- / 343 Time View

বরিশাল প্রতিনিধি: ২০১৭ সালে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস।
সোমবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির হলে বিচারক এস এম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে বরিশাল নগরীর অনামি লেনে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগে ২০২৪ সালে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন।
ওই মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ মোট ২১০ জনকে আসামি করা হয়।
মামলার শুনানিতে তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর তিনি কোনো বক্তব্য না দিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। এ ঘটনায় আদালতপাড়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জামিন মঞ্জুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।















