আজ পটুয়াখালী আসবেন জামায়াত আমির - বরিশাল সংবাদ
- প্রকাশের সময়: 02:05:59 am, Friday, 6 February 2026
- / 515 Time View

পটুয়াখালী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনের নির্বাচনি জনসভায় অংশ নিতে আগামীকাল শুক্রবার বাউফলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাউফল পাবলিক মাঠ পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ।
ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে বাউফল পাবলিক মাঠজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে জনসভার মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে এবং মাঠ সাজানোর কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে। এই নির্বাচনি জনসভায় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত থাকবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আগামীকাল এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ জামায়াত আমিরকে একনজর দেখতে জনসভায় উপস্থিত হবেন বলে আমরা আশাবাদী।”
তিনি আরও জানান, জনসভাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও দলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আজ রাতের মধ্যেই মঞ্চ নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে। পাশাপাশি আগত জনসাধারণের জন্য মঞ্চের সামনের অংশে বিশেষ বসার ব্যবস্থাও রাখা হয়েছে।















