বরিশালে তরুণীকে ধর্ষণের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
- প্রকাশের সময়: 02:58:12 am, Monday, 27 October 2025
- / 225 Time View
বরিশালে ১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে বিচারক মো. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় তিন আসামি আদালতে উপস্থিত থাকলেও একজন পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের ধান গবেষণা রোড এলাকার রাসেল গাজী, রাজিব জমাদ্দার, মো. জাহিদ এবং খোকন খান। এদের মধ্যে খোকন খান পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান মৃধা জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর ভুক্তভোগী এক লাখ টাকা নিয়ে শেবাচিম হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশায় উঠলে চালক তাকে ভুল পথে নিয়ে যান। তরুণী চিৎকার করলে চারজন মিলে তাকে মারধর করেন। পরে নগরীর ত্রিশ গোডাউন এলাকার খ্রিস্টানপাড়ার জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরদিন সকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ওই তরুণী কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ২৩ নভেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করা হয়।



















