ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন
- প্রকাশের সময়: 03:46:25 pm, Monday, 22 June 2026
- / 132 Time View
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, বেআইনি মিছিল, শোডাউন ও বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জননিরাপত্তা ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোতে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। তারা বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সরকার জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে প্রজ্ঞাপনে কোন কোন জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পৃথকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।















