কীর্তনখোলা নদীতে ফুটবল তুলতে গিয়ে নিখোঁজ কিশোর - বরিশাল সংবাদ
- প্রকাশের সময়: 02:04:55 am, Friday, 6 November 2026
- / 71 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল নগর-সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে মো. জুনায়েদ (১৩) নামে এক কিশোর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নগরের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জুনায়েদ নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার ৭ নম্বর গলির বাসিন্দা মো. জাকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী কিশোর মো. সাইফুল জানায়, ঘটনার সময় জুনায়েদের বড় ভাই জুবায়ের নদীর তীরে সাইকেল পরিষ্কার করছিলেন। অন্যদিকে জুনায়েদ নদীর পাড়ে ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবলটি নদীতে পড়ে গেলে সেটি তুলতে পানিতে নামে জুনায়েদ। কিন্তু নদীর স্রোতে সে ডুবে যেতে থাকে।
এ সময় ছোট ভাইকে বাঁচাতে পানিতে নামেন জুবায়ের। তিনি জুনায়েদের হাত ধরে ফেললেও প্রবল স্রোতের টানে তাকে ধরে রাখতে পারেননি। একপর্যায়ে জুনায়েদ নদীতে ভেসে নিখোঁজ হয়।
এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) বশির উদ্দিন বলেন, ঘটনাস্থলে উপস্থিত জুনায়েদ, তার বড় ভাই জুবায়ের ও প্রত্যক্ষদর্শী সাইফুল—কেউই সাঁতার জানত না। এ কারণে স্রোতে ভেসে যাওয়া জুনায়েদকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, নিখোঁজ কিশোরের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে নৌ-পুলিশ ও থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত রয়েছেন।


















