বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার
- প্রকাশের সময়: 08:22:21 am, Wednesday, 30 September 2026
- / 97 Time View
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বরিশাল জেলা ছাত্রদল।
দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম ইমরান ও সদস্য সচিব মো. আল আমিন মৃধা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এ্যাসেন্ট রায়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল উপজেলার জোবারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়কে ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে, তার বিরুদ্ধে আনা মাদকসংক্রান্ত অভিযোগ ও মামলার বিষয়ে আদালতের পরবর্তী কার্যক্রমের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।














