বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- প্রকাশের সময়: 02:29:58 pm, Saturday, 21 February 2026
- / 323 Time View

বরিশাল প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একুশের প্রথম প্রহর থেকেই শ্রদ্ধা নিবেদনে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ।
রাত সাড়ে ১১টার মধ্যেই শহীদ মিনার এলাকায় উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। রাত ১২টা ১ মিনিটে প্রথমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এবং জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত অনেকেই বলেন, ভাষা আন্দোলন ও ’৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে ভবিষ্যতে একটি সুন্দর, মানবিক ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে—এমন প্রত্যাশাই সবার।















