বরিশাল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বরিশালে ডমিনেশন পেট্রলিং পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইনের নেতৃত্বে এই ডমিনেশন পেট্রলিং অনুষ্ঠিত হয়।
এতে পুলিশ, সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)সহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।
ডমিনেশন পেট্রলিং কার্যক্রমটি বরিশাল মহানগরীর এয়ারপোর্ট ও কাউনিয়া থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও সংবেদনশীল এলাকায় পরিচালিত হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করেন।
পেট্রলিংয়ে আরও অংশ নেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) মশিয়ার রহমান, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদার, এয়ারপোর্ট ও কাউনিয়া থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট থানার অন্যান্য অফিসার ও ফোর্স।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপরাধ প্রতিরোধে এ ধরনের ডমিনেশন পেট্রলিংসহ সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।