বরিশাল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।
এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উদ্যোগে একটি বিশেষ নিরাপত্তা টহল পরিচালনা করা হয়।
টহল কার্যক্রমে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (উত্তর) মো. রিয়াজ হোসেন এবং এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ বিএমপির অন্যান্য সদস্যরা।
এ সময় নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নগরজুড়ে কঠোর নজরদারির কথা জানায় পুলিশ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।