আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল বাজার এলাকায় ছেলের হামলায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শামচুল হক ফকির (৬৩) গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। আহত শামচুল হক ফকির উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা ও ছেলে সাইরুল ইসলাম রনির মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে রনি বাবার ওপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত শামচুল হক ফকির জানান, তার ছেলে সাইরুল ইসলাম রনি তার কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে রনি তাকে মারধর করেন। সুস্থ হওয়ার পর তিনি এ বিষয়ে মামলা করবেন বলেও জানান।
তবে পরিবারের অন্য সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।