স্টাফ রিপোর্টার, বরিশাল: পরিবার-পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন শেষে রাজধানী ঢাকামুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। এতে সোমবার (২৩ মার্চ) সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের চাপ বেড়েছে।
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে নির্ধারিত সময়েই বিভিন্ন পরিবহনের বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একটি পরিবহন কাউন্টারের ম্যানেজার অন্তর জানান, ঈদের ছুটি শেষ হলেও এখনো তেমন বেশি চাপ লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামী ২৭ ও ২৮ মার্চ ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ ২৬ মার্চের ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ছুটি মিলিয়ে অনেকেই সময় পরিকল্পনা করে বাড়িতে এসেছেন।
তিনি আরও জানান, বর্তমানে স্বাভাবিক ভাড়াতেই যাত্রী পরিবহন করা হচ্ছে এবং প্রশাসনের নজরদারির কারণে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই।
মহসিন নামে এক যাত্রী বলেন, বড় পরিবহন কোম্পানিগুলোর টিকিট আগামী শনিবার পর্যন্ত প্রায় শেষ হয়ে গেছে। তাই আগেভাগেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
অন্যদিকে পরিবহন চালকরা জানান, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও অবৈধ থ্রি-হুইলারসহ বিভিন্ন যান চলাচলের কারণে যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছাতে কিছুটা ভোগান্তি হচ্ছে। এ সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে তারা মনে করেন।
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমন জানান, রাজধানীমুখী যাত্রা নিরাপদ রাখতে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য ঠেকাতে তদারকি জোরদার করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারবেন।